রানীগঞ্জ -: রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী হিসেবে পার্থ ঘোষের নাম ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার প্রার্থী ঘোষণার পর থেকেই কর্মীরা সক্রিয় হয়ে নির্বাচনী প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েন।
শুক্রবার সকালে প্রার্থী পার্থ ঘোষ মন্দিরে বিধিবদ্ধ পূজা-অর্চনার মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন। পূজা শেষে তিনি এলাকায় ব্যাপক জনসংযোগ অভিযান চালিয়ে সাধারণ মানুষের কাছে সমর্থনের আবেদন জানান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ঘোষ রানীগঞ্জের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই অঞ্চল দূষণ, অবৈধ কয়লা ব্যবসা, যানজট এবং পানীয় জলের সংকটের মতো জটিল সমস্যায় ভুগছে। এসব সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।
পার্থ ঘোষের কথায়, বিজেপি এই জনসমস্যা গুলোকেই নির্বাচনের মূল ইস্যু হিসেবে তুলে ধরছে এবং সেই বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই জনসংযোগে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, “জনগণের সমর্থন পেলে রানীগঞ্জের সার্বিক উন্নয়নে আমি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং স্থানীয় সমস্যাগুলোর কার্যকর সমাধানে উদ্যোগ নেব।”
আসন্ন বিধানসভা নির্বাচনে রানীগঞ্জ আসনে বিজেপির জয় নিয়ে আশাবাদী পার্থ ঘোষ। বিপুল ভোটে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন তিনি।
Reviewed by Social Tribal News Journalist
on
March 20, 2026
Rating:

No comments: