আসানসোল, নিজস্ব সংবাদদাতা-: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কুলটি বিধানসভা এলাকার চিনাকুড়িতে রবিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র উদ্যোগে আয়োজিত ‘পরিবর্তন সভা’ ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে। রাজ্যব্যাপী ‘পরিবর্তন যাত্রা’-র অংশ হিসেবে অনুষ্ঠিত এই সভায় বিপুল জনসমাগম দেখা যায়। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। এছাড়াও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, কুলটির বিধায়ক ডা. অজয় পোদ্দার, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি সহ একাধিক নেতা ও কর্মী সভায় অংশ নেন।
সভামঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারীদের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, গত দেড় দশকে রাজ্যে দুর্নীতি ও কুশাসন বেড়েছে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হতে দেওয়া হয়নি। প্রকল্পগুলির নাম পরিবর্তন ও তহবিলের অপব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থান সংকট ও নিয়োগ দুর্নীতির প্রসঙ্গও তিনি উত্থাপন করেন।
প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর বক্তব্যে দাবি করেন, কুলটি এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি এবং প্রশাসনে দুর্নীতির প্রভাব পড়েছে। তিনি অভিযোগ করেন, পানীয় জল প্রকল্পের জন্য কেন্দ্র থেকে পাঠানো বিপুল অর্থের সুফল সাধারণ মানুষের কাছে এখনও পৌঁছায়নি।
অন্যদিকে বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, বিজেপি ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর আদর্শে বিশ্বাসী এবং রাজ্যে ভয় ও অনিরাপত্তার পরিবেশ দূর করা জরুরি। তিনি দাবি করেন, বাংলার উন্নয়ন ও সুশাসনের বিকল্প হিসেবে বিজেপিই একমাত্র শক্তি।
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। ওই সভার মাধ্যমেই রাজ্যব্যাপী পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘটবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক শীর্ষ নেতা রাজ্যের বিভিন্ন জেলায় সভা করছেন।
রবিবারের সভায় কর্মী-সমর্থকদের জোরালো স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কুলটির বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ব্যাপক উপস্থিতি আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। নেতাদের ঐতিহ্যবাহী সংবর্ধনায় সভার আবহ আরও উৎসবমুখর হয়ে ওঠে।
Reviewed by Social Tribal News Journalist
on
March 01, 2026
Rating:

No comments: