রানীগঞ্জে শক্তি প্রদর্শন কালোবরন মন্ডলের — ঈদের সম্প্রীতি বার্তা, মন্দিরে পূজা, বিজেপিকে ‘মুছে যাওয়ার’ হুঁশিয়ারি
দিনের শুরুতেই এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ঈদ মোবারক জানান তিনি। “ধর্ম যার যার, উৎসব সবার”—এই বার্তা দিয়েই রাজনৈতিক মঞ্চে সম্প্রীতির সুর আরও জোরালো করেন প্রার্থী।
এরপর রানীগঞ্জের বড় মা কালী মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন কালোবরন মন্ডল। মন্দির থেকে বেরিয়ে তিনি বলেন, “মায়ের কাছে প্রার্থনা করেছি, পশ্চিমবঙ্গের উন্নয়ন অব্যাহত থাকুক এবং দিদির সরকার আরও শক্তিশালী হয়ে ফিরুক।”
পরে সিয়াড়সোল রাজবাড়ী সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেস-এর নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে কার্যত প্রচারের গতি আরও বাড়িয়ে দেন তিনি। এই কর্মসূচিতে দলের বহু নেতা-কর্মীর উপস্থিতি চোখে পড়ে, যা এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তিরই ইঙ্গিত বহন করছে বলে রাজনৈতিক মহলের মত।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “মানুষ সব বুঝে গেছে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি এবার সম্পূর্ণভাবে হারিয়ে যাবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রতি অগাধ আস্থা প্রকাশ করে তিনি বলেন, “দিদি বিপুল ভোটে জিতবেন। দিদির জয় মানেই মানুষের জয়, বাংলার জয়।”
এদিন তিনি বিরোধীদের কটাক্ষ করে আরও বলেন, “কিছু দল দেবতার নাম ব্যবহার করে রাজনীতি করছে। কিন্তু দেবতা কখনও কারও ব্যক্তিগত সম্পত্তি নয়—এই ধরনের অপব্যবহার মানুষ মেনে নেবে না।”
আসন্ন নির্বাচনে ২৫০টির বেশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা সামনে রেখে তিনি বলেন, পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয় ছিনিয়ে আনবে এবং সেই জয় ‘দিদি’-কে উপহার দেওয়া হবে।
রানীগঞ্জে এই দিনের কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
Reviewed by Social Tribal News Journalist
on
March 21, 2026
Rating:


No comments: