জামুড়িয়া -: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জামুড়িয়া-র রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠল এক পোস্টার বিতর্ককে কেন্দ্র করে। বিজপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের দেওয়ালে জামুড়িয়া কেন্দ্রের প্রার্থী হরেরাম সিং-এর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য লেখা পোস্টার লাগানোকে ঘিরে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।
ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ, যার ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনা শুধুমাত্র একটি রাজনৈতিক আক্রমণ নয়, বরং গণতন্ত্র ও রাজনৈতিক শালীনতার ওপর সরাসরি আঘাত।
তৃণমূল কংগ্রেসের ব্লক-১ সভাপতি সুব্রত অধিকারী এই ঘটনাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। তাঁর অভিযোগ, প্রার্থী হরেরাম সিংয়ের ভাবমূর্তি নষ্ট করতেই এই নোংরা রাজনীতি করা হয়েছে। তিনি সরাসরি ভারতীয় জনতা পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-র কর্মীদের দিকে আঙুল তোলেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জামুড়িয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ড. বিজন মুখার্জি বলেন, “এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও যোগ নেই। বরং এটি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল। বিরোধীদের ওপর দোষ চাপিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে।”
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
March 30, 2026
Rating:


No comments: