Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে প্রায় আড়াই কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, রাস্তা-ড্রেন-হাইমাস্ট লাইট সহ একাধিক কাজের সূচনা


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: রানীগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে প্রায় আড়াই কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হল শনিবার। আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি (এডিডিএ)- এর উদ্যোগে রাস্তা নির্মাণ, ড্রেন নির্মাণ, হাইমাস্ট লাইট স্থাপন এবং এলইডি স্ট্রিট লাইট মেরামত ও নতুন লাইট বসানোর মতো গুরুত্বপূর্ণ কাজের শিলান্যাস করা হয় এদিন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সিয়াড়সোল কালী মন্দির থেকে রানিসায়ের মোড় পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ, ৩৩ নম্বর ওয়ার্ডে রঘু মাঝি পুকুর সংলগ্ন এলাকায় কংক্রিট রাস্তা তৈরি, পাঞ্জাবি মোড় ফাঁড়ি প্রাঙ্গণে হাইমাস্ট লাইট স্থাপন এবং মঙ্গলপুর শিল্পাঞ্চলে এলইডি স্ট্রিট লাইট মেরামত ও নতুন লাইট বসানোর কাজ শুরু করা হবে। পাশাপাশি রানীগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লিতে ড্রেন নির্মাণ এবং সিদুলি ও উখড়া এলাকায় আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজও শুরু হয়েছে।

এই উপলক্ষে পাঞ্জাবি মোড় ফাঁড়ি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, এডিডিএ - এর চেয়ারম্যান কবি দত্ত, এডিডিএ - এর সিইও আইএএস আদিতি চৌধুরী, রানীগঞ্জ বরো চেয়ারম্যান মুজ্জামিল সাহাজাদা, রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাউন্সিলর রঞ্জিত সিং, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল–টু) বিমান কুমার মির্ধা, রানীগঞ্জ থানার ওসি অমিত সিনহা মহাপাত্র, পাঞ্জাবি মোড় ফাঁড়ির ইনচার্জ নজমুল হুডা, নিমচা ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা সহ স্থানীয় কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, রানীগঞ্জের বিভিন্ন এলাকায় উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এডিডিএ - এর কাছে প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই প্রায় আড়াই কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে এবং এদিন তারই আনুষ্ঠানিক সূচনা করা হল।

অন্যদিকে এডিডিএ - এর চেয়ারম্যান কবি দত্ত বলেন, রানীগঞ্জ বিধানসভা এলাকায় পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করতেই এই প্রকল্পগুলি শুরু করা হয়েছে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, উন্নয়নমূলক কাজের সঠিক রক্ষণাবেক্ষণ করা এবং সেগুলিকে সুরক্ষিত রাখা সবারই দায়িত্ব। পাশাপাশি নালায় আবর্জনা না ফেলা এবং উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

দুর্গাপুরের তুলনায় রানীগঞ্জে উন্নয়নের গতি কম—এই প্রশ্নের জবাবে কবি দত্ত জানান, প্রয়োজন অনুযায়ী যে কোনও উন্নয়নমূলক কাজের প্রস্তাব এলেই তা অনুমোদনের চেষ্টা করা হয়। তবে রানীগঞ্জের বহু এলাকায় জমির স্বল্পতার কারণে কিছু ক্ষেত্রে কাজ করতে সমস্যা দেখা দেয়। অন্যদিকে দুর্গাপুরে পর্যাপ্ত জায়গা থাকায় সেখানে উন্নয়নের কাজ তুলনামূলকভাবে সহজে বাস্তবায়ন করা যায়।

রানীগঞ্জে প্রায় আড়াই কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, রাস্তা-ড্রেন-হাইমাস্ট লাইট সহ একাধিক কাজের সূচনা রানীগঞ্জে প্রায় আড়াই কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, রাস্তা-ড্রেন-হাইমাস্ট লাইট সহ একাধিক কাজের সূচনা Reviewed by Social Tribal News Journalist on March 07, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.