রাণীগঞ্জ -: আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে রাণীগঞ্জ থানায় বুধবার এক গুরুত্বপূর্ণ শান্তি সভার আয়োজন করা হয়। উৎসবের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতেই এই সভার উদ্যোগ নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা এসিপি বিমান মিরধা এবং রাণীগঞ্জ ২ নম্বর বরোর চেয়ারম্যান মোজাম্মিল হুসেন শাহজাদা। তাঁদের উপস্থিতিতে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা এবং পানীয় জলের সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসনের তরফে জানানো হয়, উৎসবের সময় কোনোভাবেই যাতে সাধারণ মানুষ পানীয় জল, স্যানিটেশন বা অন্যান্য মৌলিক পরিষেবার অভাবে ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
এই সভায় রাণীগঞ্জের বিভিন্ন মসজিদের ইমাম, ট্রাফিক বিভাগের আধিকারিক, রাণীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রতিনিধি রোহিত খেতান সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে সকলের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে ঈদ উদযাপনের আহ্বান জানানো হয়। প্রশাসনের দাবি, প্রতি বছরের মতো এ বছরও রাণীগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের জন্য সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
March 18, 2026
Rating:

No comments: