পরিবর্তনের হাওয়ায় জামুড়িয়া: বিজেপি প্রার্থী ডা. বিজন মুখার্জিকে ঘিরে জোরদার উচ্ছ্বাস, আগাম জয়ের বার্তা
নিজস্ব সংবাদদাতা,জামুড়িয়া -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬কে সামনে রেখে জামুড়িয়া বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী ডা. বিজন মুখার্জিকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে।
সম্প্রতি জামুড়িয়ায় বিজেপি কর্মীদের উদ্যোগে ডা. মুখার্জিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। প্রবীণ বিজেপি নেতা কালী প্রসাদ শর্মা ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দন জানান এবং আসন্ন নির্বাচনে তাঁর জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে উপস্থিত কর্মীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উদ্দীপনা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. বিজন মুখার্জি বলেন, “জামুড়িয়ার মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। এবারের নির্বাচনে বিজেপি বিপুল সমর্থন পাবে।” তিনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে, কালী প্রসাদ শর্মা বলেন, “দলীয় কর্মীরা পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামবেন এবং জামুড়িয়া বিধানসভা আসনে বিজেপির জয় নিশ্চিত করবেন।”
ডা. মুখার্জি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি এলাকার উন্নয়ন, পরিকাঠামো উন্নতি এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানের আয়োজক প্রাক্তন মণ্ডল সভাপতি তথা বর্তমান জেলা সদস্য নিরঞ্জন সিং জানান, “আমরা আমাদের প্রার্থীকে নিয়ে অত্যন্ত আশাবাদী এবং এইবার তৃণমূলের দুর্গ ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত।”
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জামুড়িয়ায় রাজনৈতিক কার্যকলাপ ক্রমশ তীব্র হচ্ছে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে নিরঞ্জন সিং, অজয় রুইদাস, তালাবাবু মাড্ডি, মুনমুন সিংসহ বহু বিজেপি কর্মী উপস্থিত ছিলেন।
Reviewed by Social Tribal News Journalist
on
March 17, 2026
Rating:

No comments: