আসানসোল -: পশ্চিমবঙ্গে বিজেপির উদ্যোগে বের হওয়া পরিবর্তন যাত্রাকে ঘিরে আবারও বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি। আসানসোলের বারাবনি বিধানসভা এলাকার গৌরান্ডি অঞ্চলে যাত্রা চলাকালীন হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
বিজেপির অভিযোগ, পরিবর্তন যাত্রা চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারধর করেছে। বিজেপি নেতাদের দাবি, যাত্রাটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় আচমকা হামলার ঘটনা ঘটে, যার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তৃণমূল নেতাদের বক্তব্য, বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই।
জানা গেছে, মাইথন থেকে শুরু হয়ে চারটি জেলার সফরে বের হওয়া বিজেপির পরিবর্তন যাত্রা বারাবনি এলাকায় পৌঁছাতেই দুই দলের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের সমর্থকেরা মুখোমুখি হয়ে পড়ে এবং পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে, যাতে কয়েকজন আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বারাবনি থানার পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে ভিড় ছত্রভঙ্গ করে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ঘটনার পর গৌরান্ডি ও আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও। পুলিশ পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং এলাকায় নিয়মিত টহল চালানো হচ্ছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই অবস্থায় পরিবর্তন যাত্রাকে ঘিরে ঘটে যাওয়া এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
March 05, 2026
Rating:


No comments: