কুলটি -: সাঁওতালি ভাষায় শিক্ষার প্রসার, অলচিকি লিপির চর্চা এবং নিজস্ব সমাজ-সংস্কৃতি সংরক্ষণের বার্তা নিয়ে কুলটি থানা এলাকার সোদপুর ভিলেজ হাই স্কুলে অনুষ্ঠিত হল দু’দিনের ‘শিক্ষা-শিবির কর্মশালা’। পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষার অধিকার রক্ষা মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা শাখার উদ্যোগে ১০ ও ১১ অক্টোবর আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষাবিদ, লেখক, সমাজকর্মী ও সাঁওতালি ভাষাপ্রেমীরা।
প্রথম দিন পতাকা উত্তোলন ও স্বাগত সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। আলোচনায় উঠে আসে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব, অলচিকি লিপির বিকাশ, সাঁওতালি ভাষা আন্দোলনের ইতিহাস এবং শিক্ষার প্রসারে বিভিন্ন সংগঠনের ভূমিকা। পাশাপাশি সাঁওতালি সমাজে যুবসমাজের দায়িত্ব ও শিক্ষার মাধ্যমে সামাজিক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
দ্বিতীয় দিনে ক্যারিয়ার কাউন্সেলিং, সাঁওতালি সমাজের স্বশাসন ব্যবস্থা, সরকারি সাঁওতালি মাধ্যমের শিক্ষার বর্তমান পরিস্থিতি, নারীদের সাক্ষরতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তারা।
আয়োজকদের মতে, মাতৃভাষায় শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং অলচিকি লিপির প্রসার সাঁওতালি সমাজের শিক্ষাগত অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে নিজস্ব ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই এই কর্মশালার অন্যতম লক্ষ্য।
Reviewed by Social Tribal News Journalist
on
October 12, 2026
Rating:
.jpg)

No comments: