Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আভ্যা ফাউন্ডেশনের উদ্যোগে রানীগঞ্জে প্রথম ম্যারাথন, অংশগ্রহণ ৬০০ জনের


রানীগঞ্জ -: উৎসবের আনন্দের সঙ্গে সুস্থ জীবনযাপনের বার্তা। দুর্গাপুজোর আবহে রবিবার রানীগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত হল ‘রান ফর রানীগঞ্জ’ ম্যারাথন। আভ্যা ফাউন্ডেশনের উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতায় প্রায় ৬০০ জনের অংশগ্রহণ ঘিরে দেখা গেল উৎসাহ ও উদ্দীপনা। শিশু থেকে প্রবীণ—বিভিন্ন বয়সের মানুষের পাশাপাশি পশ্চিমবঙ্গের নানা প্রান্ত, বিহার ও ঝাড়খণ্ড থেকেও প্রতিযোগীরা এসে সামিল হন এই আয়োজনে।

শুধু দৌড় প্রতিযোগিতা নয়, এই উদ্যোগের মধ্য দিয়ে উঠে এল শরীরচর্চার গুরুত্ব, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নিজের শহরের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক গড়ে তোলার বার্তা। বর্তমান সময়ে মুঠোফোনের প্রতি অতিরিক্ত আসক্তিতে যখন ছোট থেকে বড়দের মাঠের সঙ্গে দূরত্ব বাড়ছে, তখন এমন উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন উদ্যোক্তারা।

রবিন সেন স্টেডিয়াম থেকে শুরু হয় ম্যারাথন। রানীগঞ্জ বাজার পরিক্রমা করে প্রতিযোগীরা ফের স্টেডিয়ামে ফিরে দৌড় সম্পূর্ণ করেন। গোটা আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ। শহরের বিভিন্ন প্রান্তের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এই উদ্যোগকে বিশেষ মাত্রা দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শামশের সিং, প্রদেশ বিজেপির যুবনেতা কুন্দন সাহা, মনু বর্মা, পঙ্কজ সিং, ময়ঙ্ক সিং, অবিনাশ চতুর্বেদী, আভ্যা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি পরিতোষ সিং এবং রানীগঞ্জ ফিজিক্যাল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা রবি রাউত-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন রানীগঞ্জের বিভিন্ন এলাকার ডিজিটাল মাধ্যমে বিষয়বস্তু নির্মাতাদেরও সম্মান জানানো হয়।

আভ্যা ফাউন্ডেশনের সভাপতি পরিতোষ সিং জানান, রানীগঞ্জে প্রথমবার এত বড় পরিসরে ম্যারাথনের আয়োজন করা তাঁদের কাছে বিশেষ প্রাপ্তি। প্রায় ৬০০ জনের অংশগ্রহণ আগামী দিনে আরও বড় কর্মসূচি আয়োজনের উৎসাহ জোগাবে। অনুষ্ঠান সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অতিথি, গত ২০ দিন ধরে প্রস্তুতিতে যুক্ত স্বেচ্ছাসেবক এবং রবি রাউতের দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনও প্রতিযোগী অসুবিধার সম্মুখীন হয়ে থাকলে তার জন্য দুঃখও প্রকাশ করেন উদ্যোক্তা। আগামী দিনেও খেলাধুলা ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

বিজেপি নেতা শামশের সিং বলেন, পড়াশোনা ও গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার পর যুবসমাজের বড় অংশের সময় মুঠোফোনেই কেটে যাচ্ছে। ফলে মাঠে গিয়ে খেলাধুলা ও শরীরচর্চার প্রবণতা কমছে। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে শারীরিক কসরত ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি। নবরাত্রির প্রথম দিনে এই ম্যারাথন আয়োজনের মধ্য দিয়ে সুস্থ জীবনযাপন, উদ্যম ও প্রাণশক্তির বার্তা ছড়িয়ে পড়েছে।

সমাজসেবী কুন্দন সাহার বক্তব্য, যুবসমাজকে সুস্থ ও কর্মচঞ্চল রাখার পাশাপাশি শহরবাসীর মধ্যে ঐক্য ও পারস্পরিক সংযোগ বাড়াতেও এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৬০০ জনের অংশগ্রহণ প্রমাণ করে, রানীগঞ্জের মানুষের কাছে নিজের শহরের প্রতি ভালোবাসা কতটা গভীর।

উৎসবের মরশুমে এই ম্যারাথন তাই শুধু দৌড়ের আসরেই সীমাবদ্ধ থাকল না। খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মুঠোফোনের আসক্তি থেকে বেরিয়ে মাঠমুখী হওয়া এবং সুস্থ সমাজ গড়ার আহ্বান জানিয়ে রানীগঞ্জে নতুন উদ্যোগের সূচনা করল আভ্যা ফাউন্ডেশন।

আভ্যা ফাউন্ডেশনের উদ্যোগে রানীগঞ্জে প্রথম ম্যারাথন, অংশগ্রহণ ৬০০ জনের আভ্যা ফাউন্ডেশনের উদ্যোগে রানীগঞ্জে প্রথম ম্যারাথন, অংশগ্রহণ ৬০০ জনের Reviewed by Social Tribal News Journalist on October 11, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.