Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

একই বাড়িতে ফের হানা চোরের, আতঙ্কে এলাকাবাসী



 জামুড়িয়া -: একই বাড়িতে কয়েক মাসের ব্যবধানে ফের চুরির অভিযোগ। বাড়ি তালাবন্ধ থাকার সুযোগ নিয়ে তালা ভেঙে চুরির ঘটনায় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির অন্তর্গত বাহাদুরপুর রাধানগর কলোনিতে ছড়িয়েছে আতঙ্ক। মে মাসে একই বাড়িতে চুরির পর এবার ফের চুরির ঘটনায় পুলিশের নজরদারি ও তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১৯ মে ওই বাড়িতে প্রথমবার চুরির ঘটনা ঘটে। অভিযোগ, সেবার বাড়ি থেকে সোনার একাধিক সামগ্রী এবং প্রায় এক লক্ষ টাকা নগদ চুরি যায়। ঘটনায় জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের দাবি, তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী বা নগদ টাকা উদ্ধার হয়নি।

এরই মধ্যে ফের একই বাড়িতে চুরির অভিযোগ সামনে এসেছে। বাড়ির মালিক গৃহবধূ মনিকা ঘোষ শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে জোড়জানোকিতে তাঁর বাপের বাড়িতে ছিলেন। ফলে বাহাদুরপুরের বাড়িটি তালাবন্ধ অবস্থায় পড়ে ছিল। মনিকা ঘোষের ভাই প্রদীপ মণ্ডল জানান, তিনি নিয়মিত সকাল ও সন্ধ্যায় বাড়িতে এসে খোঁজখবর নিতেন। বৃহস্পতিবার বাড়িতে এসে তিনি দেখেন, দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায়, আলমারি খোলা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এরপরই চুরির বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। একই বাড়িতে ফের চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবার। প্রদীপ মণ্ডলের অভিযোগ, প্রথমবার চুরির পর এখনও পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়নি। তার মধ্যেই ফের একই বাড়িতে চুরির ঘটনা ঘটল। ফলে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।

ঘটনার পর রাধানগর কলোনির বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। একই বাড়ি বারবার চোরের নিশানায় আসার পিছনে কোনও পরিকল্পিত চক্র রয়েছে কি না, নজরদারির কোনও ঘাটতি ছিল কি না—তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি মে মাসের চুরির তদন্তের অগ্রগতি নিয়েও পরিবারের মধ্যে প্রশ্ন রয়েছে। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবিই এখন পরিবারের।

একই বাড়িতে ফের হানা চোরের, আতঙ্কে এলাকাবাসী একই বাড়িতে ফের হানা চোরের, আতঙ্কে এলাকাবাসী Reviewed by Social Tribal News Journalist on October 01, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.