নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: রাতভর ফুটবলের উত্তেজনা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়নের মুকুট উঠল কেআরডি প্রিয়াঙ্কা ক্লাবের মাথায়। রানীগঞ্জের তিরাট হরিত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বর্ষের একদিনের নৈশ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ঘিরে রবিবার ভোরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।
৪ অক্টোবর সকালে ফাইনালে মুখোমুখি হয় তিরাট এটিকে ফুটবল দল ও কেআরডি প্রিয়াঙ্কা ক্লাব। নির্ধারিত সময়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানেই ৩-২ গোলে জয় পেয়ে বিজয়ী ট্রফি নিজেদের দখলে নেয় প্রিয়াঙ্কা ক্লাব।
চ্যাম্পিয়ন কেআরডি প্রিয়াঙ্কা একাদশের হাতে তুলে দেওয়া হয় ২৬ হাজার টাকা নগদ পুরস্কার, বিজয়ী কাপ এবং সেরা গোলরক্ষকের পুরস্কার। রানার্সআপ তিরাট এটিকে দলকে দেওয়া হয় ২২ হাজার টাকা নগদ পুরস্কার।
এদিন প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সাগেন মুর্মুকে ম্যাচের সেরা খেলোয়াড় এবং সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। জানা যায়, চলতি বছর তিনি ইস্টবেঙ্গল জুনিয়র দলের হয়ে খেলছেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল জেলা বিজেপির সম্পাদক কাকলি ঘোষ, মণ্ডল সম্পাদক অনিন্দ্য আচার্য, নিমচার আধিকারিক রাজু ধীবর, সমাজসেবী পরেশ মণ্ডল ও অসীম রায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও কাপ তুলে দেন।
রাতভর চলা এই ফুটবল প্রতিযোগিতা দেখতে তিরাটে ভিড় জমান বহু ক্রীড়াপ্রেমী। ফাইনালের টানটান লড়াই এবং টাইব্রেকারের রোমাঞ্চে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে ছিল উত্তেজনা।
Reviewed by Social Tribal News Journalist
on
October 04, 2026
Rating:

No comments: