নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি ওমিনি ভ্যান। দশ চাকার ডাম্পারের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হলেন ওমিনিতে থাকা তিন যাত্রী। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে রানীগঞ্জ-সিউড়ি ১৪ নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, তারাপীঠ থেকে পুজো দিয়ে রানীগঞ্জের দিকে ফিরছিলেন ওমিনি ভ্যানের যাত্রীরা। চাকদোলা মোড়ের কাছে জাতীয় সড়কে আচমকাই দশ চাকার ডাম্পারের সঙ্গে ওমিনিটির সংঘর্ষ হয়। বিকট শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ডাম্পারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ ও জামুড়িয়া ট্রাফিক গার্ড। গাড়ির ভিতর থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত ওমিনি ভ্যানটি রাস্তা থেকে সরিয়ে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পলাতক ডাম্পারটির সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনার পর ফের জাতীয় সড়কে মাটি ও বালি বোঝাই ভারী গাড়ির চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি এবং ওভারলোডিংয়ের কারণে প্রায়ই আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয় তাঁদের। প্রশাসনকে একাধিকবার জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁদের।
পথচারী শৈলেন বাউরীর অভিযোগ, “বড় বড় ডাম্পারগুলি নিয়ন্ত্রণহীন গতিতে ছুটে চলে। রাস্তা পারাপারের সময় সবসময়ই আতঙ্কে থাকতে হয়।” পুলিশের তদন্তেই এখন স্পষ্ট হবে ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটল। পাশাপাশি পলাতক ডাম্পারটির সন্ধান ও চালকের ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
October 02, 2026
Rating:

No comments: