আসানসোল -: জাতীয় সড়ক-১৯-এর অন্ধকারে গুলি চালিয়ে এক ব্যক্তিকে জখম করার ঘটনায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি পেল সালানপুর থানার পুলিশ। নাইট ডিউটিতে যাওয়ার পথে হরিদাস লায়েককে (৪৩) গুলি করার ঘটনায় চিত্তরঞ্জন এলাকায় অভিযান চালিয়ে অজয় রাম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আসানসোল আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে জাতীয় সড়ক-১৯-এর ডিপিএস স্কুল সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন সালানপুরের ধানগুড়ির বাসিন্দা হরিদাস লায়েক। তিনি আসানসোলের শ্রী হরি গ্লোবাল স্কুলে রাতের ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিবরণ দিতে গিয়ে হরিদাসের দাবি, ত্রিশূল হোটেল পেরোনোর পর পিছন থেকে একটি মোটরসাইকেল এসে তাঁর বাইকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যাওয়ার পর তিনি উঠে দাঁড়াতেই এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলি তাঁর পায়ে লাগে। গুলিবিদ্ধ অবস্থাতেও তিনি মোবাইল ফোন বের করে অভিযুক্তদের ছবি তোলার চেষ্টা করেন। তবে তার আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অন্যদিকে, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওভারটেক করাকে কেন্দ্র করে বচসার জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে থাকতে পারে। যদিও হরিদাসের বক্তব্য, ঘটনার আগে কোনও বচসাই হয়নি। ফলে ঠিক কী কারণে এই হামলা, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
পুলিশের দাবি, ধৃত অজয় রামের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে। এই ঘটনায় আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে হামলার প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত এবং অপরাধে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় রাতের অন্ধকারে এই গুলি চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার অন্যতম অভিযুক্তের গ্রেপ্তারির পর তদন্তে নতুন সূত্র পাওয়ার আশায় রয়েছে পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
October 10, 2026
Rating:

No comments: