নিজস্ব সংবাদদাতা, কুলটি -: পুকুরের জায়গায় নির্মাণ, জমি ভরাট করে বিক্রি এবং হাইড্রেন দখল করে বাড়ি তৈরির অভিযোগকে ঘিরে কুলটি বিধানসভা এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিক অভিযোগ পৌঁছেছিল প্রধানমন্ত্রীর দফতরেও। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক নির্দেশের পর কুলটি বিএলআরও দফতরের একটি দল আকস্মিক পরিদর্শনে নামে।
নিয়ামতপুর মৌজার ১৫ ও ১৬ নম্বর দাগে পুকুরের পাড়ে নির্মীয়মাণ কয়েকটি বাড়ি সরেজমিনে খতিয়ে দেখেন বিএলআরও দফতরের আধিকারিকেরা। পাশাপাশি ৬১ নম্বর ওয়ার্ডের প্রিয়া কলোনি বস্তিতে হাইড্রেনের উপর নির্মিত বাড়িগুলিও পরিদর্শন করা হয়।
ঘটনাস্থলে থাকা বিজেপি কর্মী তথা আইনজীবী কঞ্চন সিনহার দাবি, পুকুর ভরাট করে নির্মাণ এবং হাইড্রেন দখলের অভিযোগগুলি প্রশাসনের তরফে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তাঁর অভিযোগ, কসমো বাজারের পিছনে ১৫ ও ১৬ নম্বর দাগে সীমানা প্রাচীর ছাড়াই চারতলা বাড়ি নির্মাণের কাজ চলছে। নির্মাণকারীদের নোটিস দিয়ে জমির নথি যাচাই করা হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, প্রিয়া কলোনির বাসিন্দাদের অভিযোগ, হাইড্রেনের জায়গা দখল হয়ে যাওয়ায় বর্ষার সময়ে জল জমে দুর্ভোগ বাড়ে। নিকাশি পথ বন্ধ বা ঘুরিয়ে দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।
তবে অভিযোগের সত্যতা এবং নির্মাণগুলি আইনসম্মত কি না, তা প্রশাসনিক তদন্ত ও জমির নথি যাচাইয়ের পরই স্পষ্ট হবে। বিএলআরও-র পরিদর্শনের পর এবার প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।
Reviewed by Social Tribal News Journalist
on
October 06, 2026
Rating:

No comments: