আসানসোল/সালানপুর -: মাইথন জলাধারে দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) প্রস্তাবিত ১২০০ কোটি টাকার ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প ঘিরে জট কাটাতে উদ্যোগী হল সালানপুর ব্লক প্রশাসন। প্রকল্পের বিরোধিতা ও স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন দাবি নিয়ে সোমবার বিডিও দেবাঞ্জন বিশ্বাসের উদ্যোগে একটি বৈঠকের আয়োজন করা হয়। তবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আহ্বান সত্ত্বেও সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা পুজোর ব্যস্ততার কারণ দেখিয়ে বৈঠকে যোগ দেননি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, বিজেপি নেতা চিন্ময় তেওয়ারি, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল এবং ডিভিসির ডিজিএম সুখময় নায়েক-সহ অন্যান্য আধিকারিকরা। গ্রামবাসীদের অনুপস্থিতিতে তাঁদের দাবিদাওয়া নিয়ে সরাসরি আলোচনা সম্ভব না হলেও প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করতে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জমিহারা পরিবারগুলির মধ্যে এখনও চাকরি না পাওয়া প্রায় ৩৫টি নির্দিষ্ট পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডিভিসির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রামগুলিতে রাস্তাঘাট ও পথবাতির উন্নয়ন, কমিউনিটি হল নির্মাণ বা সংস্কার, শ্মশান ও সমাধিক্ষেত্রের সংস্কার এবং স্থানীয় যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হয়েছে।
প্রকল্প ঘিরে মৎস্যজীবী ও নৌকাচালকদের উদ্বেগের বিষয়টিও বৈঠকে উঠে আসে। সৌর প্যানেল বসানোর ফলে তাঁদের যাতায়াত ও জীবিকায় যাতে কোনও বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। অন্যদিকে, প্রতি মাসে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার যে দাবি গ্রামবাসীরা তুলেছিলেন, তা সরকারি নীতি ছাড়া কার্যকর করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। তবে সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা অন্যান্য সুযোগ-সুবিধা পেতে পারেন বলেও বৈঠকে আশ্বাস দেওয়া হয়।
সালানপুর ব্লক প্রশাসনের লক্ষ্য, স্থানীয় বাসিন্দাদের আপত্তি ও দাবিগুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে দ্রুত প্রকল্পের জট কাটানো। সেই লক্ষ্যে পুজোর পর ডিভিসি কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা সরাসরি সংশ্লিষ্ট গ্রামগুলিতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবেন বলে জানানো হয়েছে। এখন সেই আলোচনার দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
Reviewed by Social Tribal News Journalist
on
October 12, 2026
Rating:

No comments: