নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: রাস্তার মাঝেই তৈরি হয়েছিল গর্ত। অথচ তার চারপাশে ছিল না কোনও ব্যারিকেড, সতর্কীকরণ চিহ্ন বা মার্কিং। সেই ‘অদৃশ্য বিপদেই’ সোমবার ফেঁসে গেল পেট্রলবোঝাই একটি গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় আসানসোলের এস বি গড়াই রোডে, উপেন্দ্রনাথ স্কুল সংলগ্ন এলাকায়। স্থানীয়দের আশঙ্কা, গাড়িটি উল্টে গেলে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত।
পাম্প মালিক দেবদাস দত্তের অভিযোগ, ইলেকট্রিক্যাল কেবলের রক্ষণাবেক্ষণের জন্য রাস্তার উপর গর্ত করা হয়েছিল। কাজ শেষ হওয়ার পর সেটি নিরাপদ করার মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের চাপের পর গর্তে মাটি ফেলে ভরাট করা হলেও রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেখানে কোনও ব্যারিকেড বা সতর্কীকরণ চিহ্ন রাখা হয়নি বলে অভিযোগ।
স্থানীয় এক দোকানদারের দাবি, প্রায় তিন দিন ধরে ওই এলাকায় কেবলের কাজ চলছিল। গর্তে জল জমে থাকা অবস্থাতেই মাটি দিয়ে তা ভরাট করা হয়। কিন্তু এরপরও বিপজ্জনক জায়গাটিকে চিহ্নিত করার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর কথায়, ‘‘চালকের কোনও ভুল ছিল না। সামনে যে বিপদ রয়েছে, তা বোঝার মতো কোনও চিহ্নই ছিল না।’’
ঘটনার গুরুত্ব আরও বেড়ে যায় গাড়িতে পেট্রল থাকার কারণে। স্থানীয়দের দাবি, গাড়িটি উল্টে গেলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ঘটনাস্থলের কাছেই রয়েছে দোকানপাট, রেজিস্ট্রি অফিস এবং ব্যস্ত রেলক্রসিং। ফলে সামান্য অসাবধানতাতেই পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারত।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার পর ফের সামনে এসেছে রাস্তার কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। কাজের জন্য রাস্তা কাটতেই পারে, কিন্তু সেই গর্ত যদি পথচারী ও যানবাহনের কাছে ‘অদৃশ্য বিপদ’ হয়ে দাঁড়ায়, তার দায় নেবে কে—এখন সেই প্রশ্নই তুলছেন এলাকাবাসী। তাঁদের দাবি, উন্নয়নের কাজ হোক, রাস্তা মেরামত হোক—কিন্তু মানুষের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে নয়।
Reviewed by Social Tribal News Journalist
on
October 05, 2026
Rating:

No comments: