নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। সেই স্বপ্ন পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেল জামুড়িয়ার পড়াশিয়া কোলিয়ারির তরুণ কুণাল কুমার। ২০২৬ সালের নীট-ইউজি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ১৮,২৫২ এবং রাজ্যস্তরে ৫০৮ র্যাঙ্ক অর্জন করে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পেলেন তিনি। তাঁর এই সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে শিক্ষক ও এলাকাবাসী।
ইসিএল কর্মী সন্তোষ গিরির ছেলে কুণালের সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘদিনের অধ্যবসায়। ২০২৩ সাল থেকেই নীটের প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০২৫ সাল থেকে রাজস্থানের কোটা শহরে থেকে নিয়মিত কোচিং নেন। পড়াশোনার পাশাপাশি প্রতিদিনের অনুশীলন, নিয়মিত রুটিন এবং লক্ষ্যে স্থির থাকাকেই সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখেছেন কুণাল।
রাণীগঞ্জের মঙ্গলপুর এসকেএস পাবলিক স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর কোটা-র সেন্ট্রাল পাবলিক স্কুলে উচ্চমাধ্যমিকের পড়াশোনা করেন তিনি। উচ্চমাধ্যমিকে ৮৫ শতাংশ নম্বরও অর্জন করেন কুণাল। এরপর নীটের প্রস্তুতিতে আরও জোর দেন তিনি।
ছেলের সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাবা সন্তোষ গিরি। তিনি জানান, পরিবারের পরবর্তী প্রজন্মের কেউ চিকিৎসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক—এমন স্বপ্ন ছিল তাঁদের। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে কুণালের পড়াশোনায় পরিবার সবসময় পাশে থেকেছে। শেষ পর্যন্ত ছেলের সাফল্যে সেই স্বপ্ন পূরণের পথ প্রশস্ত হয়েছে।
নিজের সাফল্যের জন্য পরিবার, শিক্ষক এবং কোচিং শিক্ষকদের পাশাপাশি নিয়মিত পরিশ্রম ও শৃঙ্খলাকেই কৃতিত্ব দিয়েছেন কুণাল। ভবিষ্যতে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান তিনি। বিশেষ করে প্রত্যন্ত ও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত এলাকায় কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন।
কুণালের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই পড়াশিয়া কোলিয়ারি ও জামুড়িয়া এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন আত্মীয়স্বজন, শিক্ষক এবং এলাকার বাসিন্দারা। তাঁর সাফল্য আগামী দিনে এলাকার পড়ুয়াদেরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।
Reviewed by Social Tribal News Journalist
on
October 02, 2026
Rating:
.jpg)
No comments: