Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জে কে নগরে মহিলার অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ কমিশনার



 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: একা থাকা এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রানীগঞ্জের নিমচা ফাঁড়ি এলাকার জে কে নগর কোলিয়ারিতে। মঙ্গলবার রাতে বালকো কোম্পানির আবাসন থেকে ওই মহিলার দেহ উদ্ধারের পরই ঘটনার নেপথ্য নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ঘরের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকার ঘটনায় স্বাভাবিকভাবেই তদন্তে একাধিক সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও মৃত্যুকে খুন বলে নিশ্চিত করেনি তদন্তকারীরা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্বামীর থেকে আলাদা থাকতেন ওই মহিলা। তাঁর ছেলে-মেয়েরাও বাইরে থাকেন। ফলে জে কে নগরের বালকো কোম্পানির কোয়ার্টারে তিনি একাই থাকতেন। মঙ্গলবার রাতে তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়।

পুলিশ সূত্রে খবর, বাড়ির ভিতরের পরিস্থিতি স্বাভাবিক ছিল না। একাধিক জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ফলে মৃত্যুর আগে বাড়িতে কোনও ধরনের গোলমাল হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। লুটপাটের উদ্দেশ্যে কেউ বাড়িতে ঢুকেছিল কি না, ওই মহিলার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল কি না—সব দিকই তদন্তের আওতায় রাখা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে রাতেই ঘটনাস্থলে পৌঁছন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ আধিকারিকরা। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল-২ বিমান কুমার মৃধা, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর পার্থ ঘোষ এবং নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা-সহ অন্যান্য আধিকারিকরা। এলাকা ঘিরে শুরু হয় তদন্ত।

ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক দলের সদস্যরাও বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। ঘরের পরিস্থিতি, বিভিন্ন সামগ্রী এবং ঘটনাস্থলে থাকা অন্যান্য সূত্র খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আগে ওই মহিলার সঙ্গে কারও দেখা হয়েছিল কি না, তাঁর সঙ্গে কারও যোগাযোগ ছিল কি না—সেই তথ্যও সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ঘটনাটি খুন, নাকি অন্য কোনও কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে তদন্তকারীদের বক্তব্য।

একা থাকা এক মহিলার এমন অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে জে কে নগরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে উদ্বেগ। তবে রহস্যের জট খুলতে এখন নজর ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক তদন্তের দিকে। পাশাপাশি ঘরের লন্ডভন্ড পরিস্থিতির নেপথ্যে কী রয়েছে, সেটিও তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

জে কে নগরে মহিলার অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ কমিশনার জে কে নগরে মহিলার অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ কমিশনার Reviewed by Social Tribal News Journalist on October 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.