নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: চীনাকুড়িতে গোপাল মাহাতো খুনের তদন্তে বড়সড় অগ্রগতি পুলিশের। দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে থাকার পর অবশেষে বর্ধমান থেকে গ্রেফতার করা হল মামলার অন্যতম মূল অভিযুক্ত অনিল নুনিয়াকে। ২০২৫ সালের ১৯ আগস্ট নিয়ামতপুর ফাঁড়ি এলাকার চীনাকুড়িতে গোপাল মাহাতো খুনের ঘটনায় অনিলের নাম উঠে এসেছিল।
বুধবার অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজত চায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে অনিলকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় এর আগে অনিলের স্ত্রী হেনা দেবী, রকি নুনিয়া, কৃষ্ণা নুনিয়া এবং পঙ্কজ নুনিয়াকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই অনিলের সন্ধান মেলে বলে তদন্তকারীদের দাবি। এরপর বর্ধমানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
বর্তমানে পুলিশ হেফাজতে অনিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের প্রকৃত কারণ কী, ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অনিলের জিজ্ঞাসাবাদে মামলার আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
October 07, 2026
Rating:

No comments: