Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দাবি না মেটায় ফের নিউ কেন্দা ওসিপিতে কাজ বন্ধ, আন্দোলনে অনড় আদিবাসীরা


 জামুড়িয়া -: পুনর্বাসন, পানীয় জলের ব্যবস্থা-সহ একাধিক দাবিতে ফের উত্তপ্ত নিউ কেন্দা কোলিয়ারি। ইসিএলের কেন্দা এরিয়ার নিউ কেন্দা ওসিপির কুয়ারি ২ ও ৩-এ রবিবার থেকে কাজ বন্ধ করে আন্দোলনে নেমেছিলেন খেলাপাড়া আদিবাসী পাড়ার বাসিন্দারা। সোমবার কুয়ারি ৩-এ ফের কাজ শুরু হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুনরায় উৎপাদন বন্ধ করে দেন তাঁরা। ফলে টানা দ্বিতীয় দিনও ব্যাহত হয় কয়লা উৎপাদন। ‘দিশোম আদিবাসী গাঁওতা’র ব্যানারে আন্দোলনকারীরা এদিন ওসিপি চত্বরে সংগঠনের পতাকা পুঁতে দেন। তাঁদের অভিযোগ, গ্রামবাসীদের সঙ্গে আলোচনা না করেই ফের কাজ চালু করা হয়েছে। ভবিষ্যতে তাঁদের সম্মতি ছাড়া ওসিপিতে কাজ শুরু করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছন নিউ কেন্দা কোলিয়ারির ম্যানেজার সঞ্জয় মণ্ডল, কেন্দা ফাঁড়ির পুলিশ, সিআইএসএফ এবং ইসিএলের নিরাপত্তাকর্মীরা। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে কাজ চালু করার চেষ্টা করলেও নিজেদের দাবিতে অনড় থাকেন গ্রামবাসীরা। আন্দোলনকারীদের অভিযোগ, গত সাত মাস ধরে সোনামণি মেঝানের বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনও সেই প্রতিশ্রুতি পূরণ করেনি ইসিএল কর্তৃপক্ষ। তাঁদের আরও দাবি, ওসিপিতে বিস্ফোরণের জেরে বাঁধ ভেঙে খেলাপাড়া পুকুর শুকিয়ে গেলেও এখনও তার সংস্কার হয়নি। ফলে এলাকায় ইতিমধ্যেই জলের সংকট দেখা দিয়েছে। গরমের মরশুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা তাঁদের।

এছাড়াও খেলাপাড়া মাঝিপাড়ার বাসিন্দাদের পুনর্বাসনের কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, প্রতিদিন ওসিপিতে বিস্ফোরণের জেরে বাড়িঘর কেঁপে উঠছে। একাধিক বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। তা সত্ত্বেও ইসিএল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ করছে না। আন্দোলনকারী রাখোহরি হাঁসদার সাফ বক্তব্য, দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না। এদিন ঘটনাস্থলে দিশোম আদিবাসী গাঁওতার কৃষ্ণা মুর্মু সহ রিকি বাউরি-মিঠুন বাউরি ও অন্যরা উপস্থিত ছিলেন।

দাবি না মেটায় ফের নিউ কেন্দা ওসিপিতে কাজ বন্ধ, আন্দোলনে অনড় আদিবাসীরা দাবি না মেটায় ফের নিউ কেন্দা ওসিপিতে কাজ বন্ধ, আন্দোলনে অনড় আদিবাসীরা Reviewed by Social Tribal News Journalist on October 05, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.