আসানসোল -: পুজোর ভিড়, যানজট ও নিরাপত্তা—দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরে যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সে লক্ষ্যেই আসানসোলে প্রশাসনিক তৎপরতা বাড়ল। রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত দুর্গাপুজো সমন্বয় বৈঠকে পুজোর দিনগুলিতে যান চলাচল, নিরাপত্তা ও নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখোপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নমবলম এস-সহ জেলা প্রশাসন, পুলিশ, আসানসোল পুরনিগম এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরাও।
পুজোর সময় শহরের বিভিন্ন মণ্ডপে বাড়তি ভিড়ের সম্ভাবনা থাকায় যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মণ্ডপ সংলগ্ন এলাকায় ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া, অ্যাম্বুল্যান্স চলাচল সচল রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে নির্ধারিত নিয়ম মেনে চলার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আবেদন জানানো হয়েছে। পুজোর দিনগুলিতে নিরাপত্তা ও নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দফতরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বার্তাও দেওয়া হয় বৈঠক থেকে।
Reviewed by Social Tribal News Journalist
on
October 01, 2026
Rating:

No comments: